খেয়াং নারীকে ধর্ষণের পর হত্যা: খাগড়াছড়িতে শিক্ষার্থীদের বিক্ষোভ


খেয়াং নারীকে ধর্ষণের পর হত্যা: খাগড়াছড়িতে শিক্ষার্থীদের বিক্ষোভ

 

বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের মংখয় (খেয়াং) পাড়ায় এক আদিবাসী খেয়াং নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে খাগড়াছড়িতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।

আজ মঙ্গলবার (৬ মে) সকালে ‘সাধারণ শিক্ষার্থীরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা’ ব্যানারে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরের মুক্তমঞ্চে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সাধারণ শিক্ষার্থী আকাশ ত্রিপুরা। এতে সাধারণ শিক্ষার্থী জবা ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন উক্যনু মারমা, সুভাষ চাকমা, কৃপায়ন ত্রিপুরা, রকিন ত্রিপুরা, কবিতা চাকমা প্রমুখ।

বক্তারা বলেন, পাহাড়ে নারীরা আজ অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছে। রাঙামাটির কাউখালীতে এক তরুণীকে ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ৫ মে বান্দরবানের থানচিতে এক আদিবাসী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে।

তারা দ্রুত সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে বক্তারা ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে পাহাড়ের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহবান জানান।

 

Ads