খাগড়াছড়িতে শুরু হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫
১৪ মে ২০২৫, ০৩:৪৬ পিএম
খাগড়াছড়িতে জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫। "জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময়" এই প্রতিপাদ্যে উজ্জ্বল ভবিষ্যত গড়তে এক সাথে পদক্ষেপ নিতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।

বুধবার (১৪ মে) সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
এতে খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার এবং বিভিন্ন কলেজের অধ্যক্ষগণ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি সহ জেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিরা প্রকল্প প্রদর্শনী স্টল পরিদর্শন করেন, যেখানে জেলার ৯টি উপজেলা থেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন। বৃষ্টির পানি সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন সহ নানা আধুনিক প্রকল্প ছিল প্রদর্শনীতে।

এছাড়া, উদ্বোধনী সভার পর সেমিনার পেপার উপস্থাপনও করা হয়, যেখানে বিজ্ঞান ও প্রযুক্তির নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
এই তিনদিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং প্রকল্প প্রদর্শনীর চূড়ান্ত বাছাই।
আগামী শুক্রবার (১৬ মে) সকালে আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। বিজ্ঞানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও উদ্ভাবনী কাজে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এই আয়োজন। বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি উদ্ভাবনী মনোভাব, আমাদের সমাজের উন্নতি ও বৈশ্বিক প্রগতির মূল চাবিকাঠি।





















