খাগড়াছড়িতে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন
২৫ মে ২০২৫, ০১:২৫ পিএম
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” প্রতিপাদ্যে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মন্ত্রণালয়ের ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন হয়েছে।
আজ রবিবার (২৫ মে, ২০২৫) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল-বিপিএম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাবের।
অনুষ্ঠানে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম স্বাগত বক্তব্য প্রদান করেন।
ভূমি মেলায় বিভিন্ন স্টল রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো — রেজিস্ট্রেশন শাখা, ভূমি উন্নয়ন কর ও হেডম্যান, রাজস্ব শাখা, ভূমি আইন ও পরামর্শ সহ তথ্য কেন্দ্র, ডিজিটাল ভূমি সেবা প্রদর্শনী, অভিযোগ গ্রহণ ডেস্কসহ নানা ব্যবস্থা।
মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানের শেষে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহত “সি” ক্যাটাগরির এমআইএসভুক্ত ও গেজেটভূক্ত “জুলাই যোদ্ধা”দের সম্মাননা প্রদান ও অনুকূলে জেলা প্রশাসনের পক্ষ থেকে চেক হস্তান্তর করা হয়।



























