জবাবদিহি রাষ্ট্র গড়লে ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশকে আদর্শ মনে করবে: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক

০৮ মে ২০২৫, ০১:০০ পিএম


জবাবদিহি রাষ্ট্র গড়লে ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশকে আদর্শ মনে করবে: আলী রীয়াজ

 

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশকে আদর্শ বলে বিবেচনা করবে। জুলাই গণঅভ্যুত্থানে লক্ষ লক্ষ মানুষ প্রতিরোধ করেছেন, প্রাণ দিয়েছেন। তবে অধিকার প্রতিষ্ঠার জন্য পরবর্তী প্রজন্মে কোন অবস্থাতেই তরুণ ও নাগরিকদের রাস্তায় নেমে এভাবে প্রাণ দিতে না হয়। আর এটাই তাদের সুস্পষ্ট বার্তা আমাদের কাছে বলে উল্লেখ করেন অধ্যাপক আলী রীয়াজ।

আজ বৃহস্পতিবার (৮ মে) জাতীয় সংসদের এলডি হলে ভাসানী অনুসারি পরিষদের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে ছিলাম, সেইভাবে ঐক্য প্রতিষ্ঠা করার মধ্যমে বাংলাদেশের পরিবর্তনের সূচনা করতে পারব। গত ৫৩ বছর ধরে মানুষের আকাঙ্খা এবং গত ১৬ বছর ধরে সংগ্রাম। যে সংগ্রামে বহু মানুষ প্রাণ দিয়েছেন, নির্যাতন সহ্য করেছেন।

তিনি বলেন, আমরা সকলেই মিলে সেই চেষ্টা করছি। আশা করি রাজনৈতিক দল ও শক্তিগুলো এক জায়গয় আসতে পারবে। জাতীয় ঐকমত্য কমিশন এ জায়গায় অনুঘটকের কাজ করছে।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা প্রত্যেকটি রাজনৈতিক দল ও শক্তির লক্ষ্য হচ্ছে বাংলাদেশে যেন এমন পরিস্থিতি তৈরি করতে পারি, যা আমাদের গণতান্ত্রিক অধিকারগুলোকে সুরক্ষিত করবে।  

 

Ads