ঈদ-উল-আযহা উপলক্ষে দেশব্যাপী র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

০৩ জুন ২০২৫, ০৩:৪৭ পিএম


ঈদ-উল-আযহা উপলক্ষে দেশব্যাপী র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা


বিত্র ঈদ-উল-আযহা সামনে রেখে দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ঈদ কেন্দ্রিক যেকোনো অপতৎপরতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাব।

আজ (৩ জুন) এক সংবাদ ব্রিফিংয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এ কথা জানান।

২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে র‌্যাব দেশব্যাপী আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন, মাদকবিরোধী অভিযান থেকে শুরু করে দুর্যোগকালীন মানবিক সহায়তায়ও রয়েছে এ বাহিনীর সুনাম। এই ধারাবাহিকতায় এবারের ঈদ-উল-আযহা উপলক্ষেও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

পশুর হাটে বিশেষ নজরদারি:
ঈদ-উল-আযহায় পশু ক্রয়-বিক্রয়ের হাটে প্রচুর আর্থিক লেনদেন হয়। এ সুযোগে অসাধু চক্রের জাল টাকা সরবরাহ ও প্রতারণা ঠেকাতে র‌্যাব কন্ট্রোল রুমে জাল নোট সনাক্তকারী মেশিন স্থাপন করা হয়েছে। পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই, দালাল, মলম পার্টি ও অজ্ঞান পার্টির তৎপরতা দমনেও গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

অস্বাস্থ্যকর পশু শনাক্তে অভিযান:
রাসায়নিক বা ইনজেকশন প্রয়োগে কৃত্রিমভাবে মোটাতাজা করা পশু শনাক্তে র‌্যাব পশু চিকিৎসকদের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে। এছাড়া পশুর হাটের হাসিল ঘরে নির্ধারিত তালিকা প্রদর্শন ও অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগেও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

চাঁদাবাজি ও অনলাইন প্রতারণা দমনে তৎপরতা:
ঢাকামুখী পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে সড়কে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। অনলাইনে পশু কেনাবেচা এবং আর্থিক লেনদেনে প্রতারণা ঠেকাতে র‌্যাবের সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক ভার্চুয়াল জগতে নজরদারি করছে। চামড়ার বাজারে সিন্ডিকেটের কারসাজি ঠেকাতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

নারী নিরাপত্তায় বিশেষ উদ্যোগ:
পশুর হাটে আগত নারীদের নিরাপত্তা নিশ্চিতে মোবাইল কোর্টসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইভটিজিংসহ যেকোনো ধরনের হয়রানির অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে র‌্যাবের মাঠপর্যায়ের সদস্যদের।

সবচেয়ে বড় অগ্রাধিকার নিরাপদ ঈদ উদযাপন:
দেশের জনগণকে নিশ্চিন্তে ঈদ উদযাপনের আহ্বান জানিয়ে র‌্যাব জানিয়েছে, যেকোনো জরুরি পরিস্থিতিতে র‌্যাব কন্ট্রোল রুমের হটলাইন চালু রয়েছে। নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি।

ব্রিফিংয়ে জানানো হয়, কোনো অভিযোগ, সহযোগিতা বা জরুরি প্রয়োজনে নিকটস্থ র‌্যাব কন্ট্রোল রুমে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

 

Ads