২৫০০ টাকার মধ্যে স্মার্টফোনের দাম উদ্যোগ নিয়েছে সরকার: উপদেষ্টা রেহান আসিফ
২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ এএম
দেশের সাধারণ ও নিম্নবিত্ত মানুষের নাগালে ডিজিটাল প্রযুক্তি পৌঁছে দিতে এক যুগান্তকারী উদ্যোগ নিচ্ছে সরকার। প্রান্তিক পর্যায়ের মানুষের হাতে স্মার্টফোন তুলে দিতে এর ন্যূনতম দাম দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে নামিয়ে আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে আয়োজিত টেলিকম পলিসি বিষয়ক এক সেমিনারে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, "সরকার চায় দেশের প্রতিটি মানুষের হাতে স্মার্টফোন থাকুক। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণের এই যাত্রায় কেউ যেন পিছিয়ে না থাকে, বিশেষ করে গরিব মানুষের হাতেও যাতে একটি স্মার্টফোন থাকে- সেই লক্ষ্যে এর দাম ২ থেকে আড়াই হাজার টাকায় নামিয়ে আনার কাজ চলছে। এতে করে প্রান্তিক মানুষও অতি সহজে সরকারি ও বেসরকারি ডিজিটাল সেবার আওতায় আসতে পারবে।"
মোবাইল সেবায় অতিরিক্ত করের বোঝা নিয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের অভিযোগের বিষয়েও কথা বলেন রেহান আসিফ আসাদ। তিনি মোবাইল রিচার্জে বিদ্যমান উচ্চ কর কাঠামোকে অযৌক্তিক বলে অভিহিত করেন। তিনি বলেন, "দেশের সাধারণ মানুষের কাছ থেকে ১০০ টাকা রিচার্জে সরকার সরাসরি ৩৮ টাকা কর কেটে নিচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। টেলিকম সেবায় আরোপিত এই ট্যাক্স ও ভ্যাট কমানোর বিষয়ে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। মানুষের ওপর থেকে এই আর্থিক চাপ কমিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য।"
দেশের টেলিযোগাযোগ খাতের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে উপদেষ্টা আরও জানান, সরকারের লক্ষ্য দেশের ৯০ শতাংশ মানুষকে অতি দ্রুত ফাইভ-জি (5G) নেটওয়ার্ক সেবার আওতায় নিয়ে আসা। একইসঙ্গে গ্রাম থেকে শহর- সর্বত্র ন্যূনতম ১০০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিশ্চিত করার ওপরও বিশেষ জোর দেওয়া হচ্ছে। ডিজিটাল অবকাঠামো শক্তিশালী না হলে অর্থনৈতিক সমৃদ্ধি টেকসই হবে না বলে তিনি মন্তব্য করেন।
তবে গ্রাহক পর্যায়ে মোবাইল সেবার বর্তমান মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন উপদেষ্টা। মোবাইল অপারেটরদের সমালোচনা করে তিনি বলেন, "বর্তমানে গ্রাহকরা অর্থ ব্যয় করেও কাঙ্ক্ষিত মানসম্মত সেবা পাচ্ছেন না। এটি আমাদের জন্য একটি বড় ব্যর্থতা।" গ্রাহক হয়রানি বন্ধে এবং সেবার মান উন্নয়নে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, স্বল্পমূল্যে স্মার্টফোন সরবরাহ এবং রিচার্জে কর কমানোর এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দেশের ডিজিটাল অর্থনীতিতে এক নতুন গতির সঞ্চার হবে।
















