১ পয়সা বেশি ভাড়া নিলেই রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী

শারমিন আক্তার আখি

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম


১ পয়সা বেশি ভাড়া নিলেই রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী

ছবি: সংগৃহীত

সরকার নির্ধারিত কিলোমিটারপ্রতি ১৭ পয়সার বেশি ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে সতর্ক করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করলে আইন অনুযায়ী জরিমানা করা হবে। এরপর সংশ্লিষ্ট পরিবহনকে আর কোনো রুট পারমিট দেওয়া হবে না।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরে সড়ক মন্ত্রী বলেন, প্রচলিত আন্তর্জাতিক ও জাতীয় নীতিমালার হিসাব অনুযায়ী, প্রতি লিটার জ্বালানি তেলের দাম এক টাকা বাড়লে বাসভাড়া কিলোমিটারপ্রতি এক পয়সা বাড়ে।

সে হিসাবে প্রতি লিটার জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ায় কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানো যৌক্তিক ছিল বলে জানান তিনি। তবে সব পক্ষের সঙ্গে আলোচনা করে যৌক্তিক হারের চেয়েও কম, অর্থাৎ কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।

মন্ত্রী বলেন, ১৭ পয়সার চেয়ে এক পয়সাও বেশি ভাড়া বাড়ানো বা আদায় করা যাবে না। কঠোর নজরদারির মাধ্যমে এ নির্দেশনা বাস্তবায়ন করা হবে।

সড়কপথের পাশাপাশি রেল ও নৌপথের ভাড়া বাড়ানোর বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ট্রেন ও লঞ্চের ভাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী বৃহস্পতিবার একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

রেলভাড়া প্রসঙ্গে নিজের প্রত্যাশার কথা জানিয়ে সড়ক ও সেতুমন্ত্রী বলেন, সাধারণ মানুষের কথা বিবেচনা করে ট্রেনের ভাড়া যেন কোনোভাবেই বাড়ানো না হয়, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

এর আগে একই দিন সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে বাসভাড়া পুনর্নির্ধারণের তথ্য জানান জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

তিনি জানান, নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া হবে ২ টাকা ৪০ পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে কিলোমিটারপ্রতি ২ টাকা ৭০ পয়সা।

Ads