বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ২১ জেলে নিখোঁজ
২৮ সেপ্টেম্বর ২০১৫, ০৫:১৫ পিএম
প্রতিদিনের চিত্র ডেক্স :: চট্টগ্রামের ২১ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে দু সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেদের পরিবারের লোকজন এ খবর জানিয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় একমাস পূর্বে চট্টগ্রামের বাঁশখালি উপজেলা থেকে ইউসুফ জালাল মাঝির নেতৃত্বে ‘এসএসবি মুসা ফকির’ নামে একটি মাছ ধরার ট্রলার নিয়ে ওই ২১ জেলে বঙ্গোপসাগরে যায়। সর্বশেষ ১৪ সেপ্টেম্বর সোমবার পটুয়াখালির মহিপুর থেকে মাছ ধরার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে পরিবারের সঙ্গে তাদের সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
দুই সপ্তাহ ধরে ব্যক্তিগতভাবে বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাদের সন্ধান পেতে ব্যর্থ হয়েছে পরিবারগুলো। নিখোঁজ জেলেদের পরিবারের অভিযোগ এ বিষয়ে তারা ট্রলার মালিকের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতাই পাচ্ছেন না।
এদিকে নিখোঁজ জেলেদের পরিবারে চলছে শোকের মাতম। নিখোঁজ ২১ জেলের মধ্যে ৮ জনের নাম জানা গেছে। এরমধ্যে বাঁশখালি উপজেলার শেখের খিল ইউনিয়নের লালজীবন গ্রামের একই পরিবারের ৭ সদস্য রয়েছে। তারা হলেন ট্রলারের সর্দার ইউসুফ জালাল মাঝি (৫৫), সর্দারের ছোট ভাই জসিম উদ্দিন (৩২), আহমদ কবির (৪০), সর্দারের ছেলে তৌহিদুল ইসলাম (২০), আবদুল হামিদ (১৮), বোনের ছেলে আবদুল মান্নান (১৭), ভাইয়ের ছেলে ছৌয়দ নুর (২০) এবং একই গ্রামের সহযোগী জেলে ইছমাইল (৫০)।
এছাড়া নিখোঁজদের মধ্যে কঙবাজার জেলার কুতুবদিয়া উপজেলার পাঁচ জেলে রয়েছেন বলে জানা গেছে।
কোস্টগার্ড পুর্বাঞ্চলের অপারেশান অফিসার লেফটেন্যান্ট কমান্ডার এম দুরুল হুদা জানিয়েছেন, এ বিষয়ে তাদের কাছে কোনো অভিযোগ নেই।





















