রেশন কার্ড বিতরণে অনিয়ম দূরসহ পার্বত্য মন্ত্রণালয়কে সংসদীয় কমিটির একগুচ্ছ সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম


রেশন কার্ড বিতরণে অনিয়ম দূরসহ পার্বত্য মন্ত্রণালয়কে সংসদীয় কমিটির একগুচ্ছ সুপারিশ

পার্বত্য চট্টগ্রামে প্রত্যাগত শরণার্থী ও গুচ্ছগ্রামে বসবাসরত অ-উপজাতীয়দের রেশন কার্ড বিতরণে অনিয়ম দূর করে প্রকৃত উপকারভোগীদের মধ্যে কার্ড বিতরণ নিশ্চিত করার সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞা, এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও কমিটির সদস্য সাচিং প্রু, এমপিসহ কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা, দীপেন দেওয়ান, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ জহিরুল ইসলাম ও মাছুম মোস্তফা অংশ নেন।

বৈঠকে মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তরের শূন্য পদ পূরণে গৃহীত পদক্ষেপের বিস্তারিত তথ্য পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়। একই সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তরগুলোতে কোনো অনিয়ম ও দুর্নীতি হয়ে থাকলে তার বিবরণ এবং এ বিষয়ে গৃহীত পদক্ষেপের তথ্যও পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

সাজেক ইস্যুতে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপ সম্পর্কে পরবর্তী বৈঠকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে কর্মরত পাড়াকর্মীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁদের হ্রাসকৃত সম্মানী ভাতা সম্মানজনক হারে বাড়ানোর সুপারিশ করে কমিটি।

বৈঠকে চলতি অর্থবছরে মন্ত্রণালয়ের বরাদ্দ করা বাজেটের বিভাজন ও সুষম বণ্টন, খাদ্যশস্য বরাদ্দ, ব্যয় পরিকল্পনা এবং বিভিন্ন প্রকল্প নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এসব বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

এ ছাড়া আগামী ডিসেম্বর মাসে তিন পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সঙ্গে বৈঠক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার উপপরিচালক মো. সাব্বির মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Ads