বগুড়ার বিষাক্ত গ্যাসে তিন শ্রমিকের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০১৫, ০৬:৪০ পিএম
ষ্টাফ রিপোর্টার :: বগুড়ার কাহালুতে পেপার মিলের মেশিন চেস্ট হাউজ পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে কাহালুর যোগারপাড়ায় অবস্থিত আজাদ পালস অ্যান্ড পেপার মিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হচ্ছেন- কাহালুর যোগারপাড়ার আব্দুল করিমের ছেরে আদর আলী (২১), একই উপজেলার ঝিনাই গ্রামের নাজেদ আলীর ছেলে হিরা (২৮) এবং শিবগঞ্জ উপজেলার আটমুল গ্রামের কিজার উদ্দিনের ছেরে শাহাদৎ (১৯)।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে সোমবার সকালে শ্রমিকরা পেপার মিলে কাজে যোগ দেয়। বেলা ১১টার দিকে তিন জন শ্রমিক পেপার মিলের বর্জ্য পরিষ্কার করার জন্য ট্যাঙ্কিতে নামে। কিছুক্ষণের মধ্যেই বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিন জনই অসুস্থ হয়ে পড়েন। অন্যান্য শ্রমিকরা বিষয়টি জানতে পেরে দ্রুত তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজাদ পালস অ্যান্ড পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহম্মেদ জানান, এটি একটি দুর্ঘটনা। শ্রমিকরা বুঝতে না পেরে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন। তাদের পরিবারকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপযুক্ত সহযোগিতা করা হবে।





















