শিশু কিশোরদের ভবিষ্যৎ ক্যারিয়ার ক্যাম্প অনুষ্ঠিত
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৪ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
কোমলমতি শিশু ও কিশোর কিশোরীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে পথ প্রদর্শন এর অংশ হিসেবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আরবান প্রোগ্রামের তত্ত্বাবধায়নে মিরপুরের মটস কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন মাঠে গত ২৪ শে ফেব্রুয়ারি শনিবার দিনব্যাপী ক্যারিয়ার ক্যাম্প এর আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পে ২৫০ জনের অধিক শিক্ষার্থী ৭ জন বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ এর কাছ থেকে ক্যারিয়ার গঠনে নানাবিধ দিকনির্দেশনা গ্রহণ করেন।
ক্যাম্পে শিক্ষার্থীদের গঠনমূলক দিকনির্দেশনা প্রদর্শনের জন্য উপস্থিত ছিলেন মালা রিবেরু, নার্সিং ইন্সট্রাক্টর, ডিরেক্টরেট জেনারেল এন্ড নার্সিং মিডওয়াইফারি; এএফএম ইসমাইল চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর, আইসার্কেল, ইউএসএ বাংলাদেশ লিমিটেড; জ্যাক পারভেজ রোজারিও, উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা; তাহামিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার; রনিক গমেজ, প্রিন্সিপাল অফিসার, সোনালী ব্যাংক পিলসি; কনিকা ক্যাথরিন সরকার, এমএসসি, হলিক্রস কলেজ; এবং ডক্টর উম্মে হানিয়া।
দিনব্যাপী এ ক্যাম্পে, ক্যারিয়ার কাউন্সিলিং এর পাশাপাশি নানাবিধ জীবন গঠনমূলক আলোচনা ও করা হয়, যার মাধ্যমে উপস্থিত শিক্ষার্থীগণ প্রয়োজনীয় প্রশ্নোত্তর এর মাধ্যমে নিজেদের আগ্রহ এবং লক্ষ্য সম্পর্কে বাস্তবিক জ্ঞান লাভ করে।

দিনব্যাপী এ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মাকসুদ হাসেম, প্রাধান নগর পরিকল্পনাবিদ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জনাব ফারজানা শারমিন, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, পল্লবী; ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পক্ষে মঞ্জু মারীয়া পালমা, ডেপুটি ডিরেক্টর, আরবান ও রুরাল ক্লাস্টার; তপন ফিলিপ রড্রিক্স, সিনিয়র টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার-শিক্ষা ও শিশু সুরক্ষা: জোয়ান্না ডি রোজারিও, সিনিয়র ম্যানেজার, আরবান প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ সকল স্টলসমূহ ঘুরে দেখেন এবং শিশু ও কিশোর-কিশোরীদের সাথে মত বিনিময় করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- "ক্যারিয়ার গঠনমূলক এমন ক্যাম্পের উদ্যোগ সত্যিই এক চমৎকার উদাহরণ, যা উপস্থিত শিশু ও কিশোর-কিশোরীদের সামনের দিনের পরিকল্পনা করতে সাহায্য করবে। বিশেষজ্ঞ ব্যক্তিবর্গের কাছ থেকে প্রাপ্য দিকনির্দেশনা তাদের কর্মজীবনে প্রবেশের সময় প্রস্তুতির এক বড় অংশ হিসেবে কাজ করবে। "
ক্যাম্পে অংশগ্রহণকারী এক কিশোরী তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলে- "আমার জন্য এ এক অনন্য অভিজ্ঞতা। আমি সব সময়ই চাই বড় হয়ে ডাক্তার হতে, কিন্তু কিভাবে সেই জন্য প্রস্তুতি নেয়া যায় সে সম্পর্কে আমার কোন ধারণাই ছিল না। আজ আমি ক্যাম্পে উপস্থিত সম্মানিত অতিথির কাছ থেকে দিকনির্দেশনা পেয়ে সত্যিই অনেক উপকৃত হয়েছি, যা আমার সামনের দিনে পরিকল্পনা করতে অনেক সাহায্য করবে। "




















