লালমনিরহাটে সুরঙ্গ খুঁড়ে ব্যাংক ডাকাতির চেষ্টা
২৮ জানুয়ারি ২০২৫, ১১:৩৪ এএম
সুরঙ্গ খুঁড়ে লালমনিরহাটে সোনালী ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে লোকজন টের পাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায়।
সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ির সোনালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। এতে ব্যাংকের টাকা খোওয়া গেছে কিনা তা খতিয়ে দেখছেন সেনাবাহিনী, পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ।
স্থানীয় সুত্রে জানা যায়, ব্যাংকের পেছনের দেওয়ালের নিচে একটি সুরঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে ব্যাংকটির একজন পিয়ন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এতে পালিয়ে যায় ডাকাতি করতে আসা দুর্বৃত্তরা।
ব্যাংকটি থেকে টাকাসহ অন্যকিছু খোওয়া গেছে কিনা তা জানতে অনুসন্ধান চালাচ্ছেন ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ ও সেনাবাহিনী বলে জানিয়েছে থানা পুলিশ।
বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন বলেন, ব্যাংকটি থেকে টাকাসহ অন্যকিছু খোওয়া গেছে কিনা তা জানতে অনুসন্ধান চালাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ ও সেনাবাহিনী।
লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী জানান, এঘটনাকে ঘিরে তদন্ত চলছে। তদন্ত সম্পূর্ণ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।

















