খাগড়াছড়ির সীমান্ত দিয়ে বাংলাদেশে আরো ১৯ জনকে পুশ ইন
২৬ মে ২০২৫, ১২:৩৪ পিএম
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আচালং সীমান্ত দিয়ে নতুন করে ১৯ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারত।
আজ সোমবার (২৬ মে) ভোররাতে মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নের আচালং সীমান্ত দিয়ে এ পুশ ইন কার্যক্রম চালানো হয়। পুশ ইন হওয়াদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুশ ইন হওয়া ব্যক্তিদের ভারতের হরিয়ানা রাজ্য থেকে গ্রেফতার করে খাগড়াছড়ির সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়। বর্তমানে তারা মাটিরাঙ্গার কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিবি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজিবির পাহারায় অবস্থান করছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল আলম পুশ ইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পুশ ইন হওয়া ব্যক্তিরা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। যদি তারা প্রকৃতপক্ষে বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, তাহলে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”
জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, “পুশ ইন হওয়া সবাই একটি স্কুলে অবস্থান করছে এবং বিজিবি সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করছে। বিস্তারিত খোঁজখবর নেয়া হচ্ছে। তাদের বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত হলে নিজ নিজ জেলায় পাঠানোর ব্যবস্থা নেয়া হবে।”
প্রসঙ্গত, চলতি মে মাসেই খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে একাধিক দফায় মোট ৭১ জনকে পুশ ইন করা হয়েছে। এর ফলে সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে।























