নওগাঁ পলিটেকনিকে প্রথমবারের মতো শ্রেণি প্রতিনিধিদের পরিচিতি ও আলোচনা সভা
২২ অক্টোবর ২০২৫, ০৯:২১ পিএম
এই প্রথমবারের মতো অনুষ্ঠিত শ্রেণি প্রতিনিধিদের পরিচিতি ও আলোচনা সভা নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের ইতিহাসে । ছবিঃ এ কে নোমান ।
নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথমবারের মতো নবনির্বাচিত শ্রেণি প্রতিনিধিদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে ১ম, ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের বিভিন্ন বিভাগের নবনির্বাচিত শ্রেণি প্রতিনিধিরা অংশ নেন।
ইনস্টিটিউটের ইতিহাসে এটি ছিল শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ ও প্রশাসনের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপনের লক্ষ্যে গৃহীত এক নতুন উদ্যোগ। শিক্ষার্থীরা এ আয়োজনকে সময়োপযোগী ও অনুপ্রেরণামূলক বলে অভিহিত করেন এবং ভবিষ্যতে এমন সভা নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় কম্পিউটার, ফুড, এনভায়রনমেন্টাল, আর্কিটেকচার ও সিভিল টেকনোলজিসহ ইনস্টিটিউটের সব বিভাগ থেকে নবনির্বাচিত ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেনরা উপস্থিত ছিলেন। তাঁরা নিজ নিজ বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন সমস্যা ও প্রস্তাব তুলে ধরেন।

আলোচনায় শিক্ষার্থীরা বলেন, ইনস্টিটিউটের শিক্ষা পরিবেশকে আরও উন্নত করা, ল্যাবরেটরির আধুনিকায়ন, উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. নাসিমুজ্জামান, উপাধ্যক্ষ মো. আমিরুল ইসলাম, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (নন-টেক, ১ম শিফট) খোন্দকার সোহাইল ইসলাম, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (নন-টেক, ১ম শিফট) মো. ফরহাদ হোসেন, কম্পিউটার টেকনোলজির চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (১ম শিফট) মো. মাহবুবুল আলম, সিভিল টেকনোলজির চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (১ম শিফট) আরিফুল ইসলাম, কম্পিউটার টেকনোলজির চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (২য় শিফট) মিজানুর রহমান, এবং এনভায়রনমেন্টাল টেকনোলজির চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (১ম শিফট) শাহরিয়ার নাফিজসহ আরও অনেকে।

অর্ধশতাধিক শ্রেণি প্রতিনিধির অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভা প্রাণবন্ত আলোচনায় মুখর হয়ে ওঠে। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও শিক্ষকবৃন্দের আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি পরিণত হয় এক অনুপ্রেরণামূলক ও সফল আয়োজনে।
সভায় অধ্যক্ষ মো. নাসিমুজ্জামান বলেন, “একটি প্রতিষ্ঠান তখনই অগ্রসর হয়, যখন শিক্ষার্থীরা নেতৃত্বের চর্চায় অংশ নেয় এবং প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখে। শ্রেণি প্রতিনিধিরা শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সেতুবন্ধনের ভূমিকা পালন করবে-যা শিক্ষা পরিবেশকে আরও গুণগত ও শৃঙ্খলাবদ্ধ করে তুলবে।”
তিনি আরও বলেন, শ্রেণি প্রতিনিধিদের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব চাহিদা ও সমস্যা দ্রুত শনাক্ত করে তা সমাধানে প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে।

সভা শেষে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও কার্যকর নেতৃত্ব গঠনে নিয়মিত এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
এই প্রথমবারের মতো অনুষ্ঠিত শ্রেণি প্রতিনিধিদের পরিচিতি ও আলোচনা সভা নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে-যা শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, দায়িত্ববোধ ও অংশগ্রহণমূলক শিক্ষার এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হবে।






















