রামগড়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

রতন বৈষ্ণব ত্রিপুরা

০১ নভেম্বর ২০২৬, ০২:২৬ পিএম


রামগড়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

খাগড়াছড়ির রামগড়ে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে  নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে দ্বীন আল জান্নাত বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রশিক্ষণ, দক্ষতা অর্জন ও উদ্যোক্তা হওয়ার মাধ্যমে যুবকরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও অবদান রাখতে পারেন।

সভাপতির বক্তব্যে যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকী যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম তুলে ধরে এলাকার বেকার যুবকদের প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষ ও স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।

উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন বলেন, এলাকার যুবসমাজ প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ জনশক্তি ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবে—এটাই প্রত্যাশা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে সফল হওয়া স্থানীয় যুব উদ্যোক্তারা তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা, সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরেন। পরে অতিথিরা উপজেলা চত্বরে গাছের চারা রোপণ করেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

Ads