সংস্কৃতি অঙ্গনকে দলীয়করণে অপূরনীয় ক্ষতি করা হয়েছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী আলি নেওয়াজ
২০ জুন ২০২৬, ১১:৪৮ পিএম
বিগত ২০ বছরে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে নজিরবিহীনভাবে দলীয়করণ করে মারাত্মক ক্ষতিসাধন করা হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। তিনি বলেন, দলীয়করণের বেড়াজালে পড়ে আমাদের সংস্কৃতি তার নিজস্বতা ও স্বকীয়তা নিয়ে বিকশিত হতে পারেনি। সংস্কৃতিকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে, যার ফলে দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো সুদৃঢ় ভিত্তির ওপর গড়ে উঠতে ব্যর্থ হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত ‘নদীমাতৃক’ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মাননীয় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেশের সাংস্কৃতিক অবকাঠামোর করুণ চিত্র তুলে ধরে সংস্কৃতি প্রতিমন্ত্রী আরও বলেন, "বর্তমানে দেশের অধিকাংশ জেলাতেই মানসম্মত সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করার মতো ন্যূনতম পরিবেশ নেই এবং অতীতে এ বিষয়ে কার্যকর কোনো কর্মসূচিও গ্রহণ করা হয়নি। আমাদের মহান নেতা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সামগ্রিক সাংস্কৃতিক অঙ্গনকে আমূল পুনর্গঠন করার স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, যাতে একে প্রকৃত অর্থেই গণমানুষের সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠা করা যায়। দেশের আপামর জনসাধারণের জন্য একটি সুন্দর, সুস্থ ও সাবলীল সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলা আজ সময়ের অন্যতম প্রধান দাবি।
জনাব আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, সময়ের চাহিদাকে ধারণ করে একটি আধুনিক ও যুগোপযোগী সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তুলতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যে ইতোমধ্যে ব্যাপক ও বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমাদের মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে দেশব্যাপী সাংস্কৃতিক অবকাঠামোর আধুনিকায়ন নিশ্চিত করা এবং তৃণমূল পর্যায় থেকে নতুন নতুন প্রতিভাবান শিল্পী গড়ে তোলার জন্য প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা প্রদান করা।
চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি জনাব শেখ ফরিদ আহমেদ মানিক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক ও চাঁদপুর পৌরসভার প্রশাসক জনাব মো. এরশাদ উদ্দিন, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জনাব মো. খলিল গাজীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ ও দর্শকনন্দিত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।



















