সাংবাদিক সৈকতের মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট ২০২৬, ০২:১৮ পিএম


সাংবাদিক সৈকতের মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীর নিঃশর্ত মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাঙামাটি জেলা সভাপতি সমীর কান্তি দে, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সম্পাদক এম জিসান বখতিয়ার, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিনসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

কর্মসূচিতে রাঙামাটি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিশু দে সঞ্চালনা করেন। এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি জেলা ইউনিট ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ সংহতি জানায়।

বক্তারা বলেন, সৈকত রঞ্জন চৌধুরী সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। গত মঙ্গলবার দুপুরে রাঙামাটি জেলা পরিষদের সামনে থেকে তাকে তুলে নিয়ে যাওয়ার পর দীর্ঘ সময় তার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। পরে পুলিশ সুপারের মাধ্যমে তাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) নিয়ে যাওয়ার বিষয়টি জানা যায় বলে দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, তাদের জানা মতে, সৈকত রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা ছিল না। এভাবে একজন পেশাদার সাংবাদিককে তুলে নেওয়ার ঘটনা স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি করেছে। তারা সাংবাদিকদের জন্য ভীতিমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সৈকত রঞ্জন চৌধুরীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।

Ads