নেপালে বন্যা ও ভূমিধসে ১৪ জনের মৃত্যু
০৮ জুলাই ২০২৪, ০১:১৪ পিএম
ছবি- সংগৃহীত।
ভারী বৃষ্টিপাতের ফলে নেপালজুড়ে আকস্মিক বন্যা ও ভূমিধসে ১৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও নয়জন। রবিবার (৭ জুলাই) দেশটির পুলিশ এ বিষয়ে জানিয়েছে।
নেপাল পুলিশের মুখপাত্র ড্যান বাহাদুর কারকি বলেছেন, ‘বিভিন্ন স্থানে মানুষ নিহত হয়েছে ও নিখোঁজ রয়েছে। পুলিশ অন্যান্য সংস্থা ও স্থানীয়দের সঙ্গে মিলে নিখোঁজদের সন্ধানে কাজ করছে।’
বৃহস্পতিবার (৪ জুলাই) থেকে নেপালের বেশকিছু অংশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। যার ফলে হিমালয়ের দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একাধিক নদীতে আকস্মিক বন্যার বিষয়ে সতর্ক করেছে।
গত মাসে নেপালে ভয়াবহ ঝড়ের ফলে সৃষ্ট ভূমিধস, বজ্রপাত ও বন্যায় ১৪ জনের মৃত্যু হয়েছে।
প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমি বৃষ্টিপাত দক্ষিণ এশিয়া জুড়ে ব্যাপকহারে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ নিয়ে আসে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় ভয়াবহ বন্যা ও ভূমিধস বেড়ে গেছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, জলবায়ুর পরিবর্তন ও সড়ক নির্মাণ বেড়ে যাওয়া এ সমস্যাটি আরও বাড়িয়ে তুলেছে।


























