বাংলাদেশ-ডেনমার্ক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে ঐকমত্য

শেখ মোহাম্মদ তাজুল ইসলাম

২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম


বাংলাদেশ-ডেনমার্ক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে ঐকমত্য

বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে ঐকমত্য পোষণ করেছে দুই দেশ।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অংশীদারত্ববিষয়ক স্টেট সেক্রেটারি এলসেবেথ সন্ডারগার্ড ক্রোন। বাংলাদেশে এটিই তাঁর প্রথম সফর।


সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেনমার্কের স্টেট সেক্রেটারিকে বাংলাদেশে স্বাগত জানান। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও অবকাঠামো খাতে ডেনমার্কের দীর্ঘদিনের বন্ধুত্ব এবং অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


এ সময় দুই দেশের ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় অংশীদারত্বে সন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলাদেশ-ডেনমার্ক রাজনৈতিক পরামর্শের চতুর্থ দফা বৈঠকের ফলাফল পর্যালোচনা করেন উভয় পক্ষ।


আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু অভিযোজন, পানি ব্যবস্থাপনা, সামুদ্রিক বিষয়াবলি, শিক্ষা ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।


নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রযুক্তি হস্তান্তর, জ্ঞান বিনিময় ও সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি সহযোগিতা এগিয়ে নিতে নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ ও সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়নের সম্পৃক্ততা আরও এগিয়ে নিতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরুর ক্ষেত্রেও ডেনমার্কের সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী।


ডেনমার্কের স্টেট সেক্রেটারি বাংলাদেশে দেশটির বিনিয়োগ ও চলমান উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প, সায়েদাবাদ পানি শোধনাগার এবং প্রস্তাবিত সমুদ্রভিত্তিক বায়ুবিদ্যুৎ প্রকল্পের বিষয়টি উল্লেখ করেন তিনি। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও অভিযোজন কার্যক্রমে বাংলাদেশের সঙ্গে আরও সহযোগিতার আগ্রহও পুনর্ব্যক্ত করেন।


বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। রোহিঙ্গাদের জন্য ডেনমার্কের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সহায়তা পর্যাপ্ত ও ধারাবাহিকভাবে অব্যাহত রাখতে ডেনমার্কের সহযোগিতা কামনা করেন তিনি।
রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জবাবদিহি এবং আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন উভয় পক্ষ।


বৈঠকে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে উভয় দেশ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

Ads