বেনাপোল বন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ
১৪ অক্টোবর ২০২৩, ১০:১৫ পিএম
ছবি- সংগৃহীত।
শুরু হয়েছে মা ইলিশ রক্ষায় ২২ দিন ইলিশ ধরার নিষেধাজ্ঞা। সেই সঙ্গে বেনাপোল বন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানিও বন্ধ হয়ে গেছে। গত মঙ্গলবার মধ্যরাত থেকেই এ নিষেধাজ্ঞা শুরু হওয়ায় বুধবার সন্ধ্যায় সর্বশেষ ২১ টন ৮০০ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।
এদিকে সময় স্বল্পতা আর সংকটের কারণে এ বছরও সরকার অনুমোদিত সব ইলিশ রপ্তানি সম্ভব হচ্ছে না। এ বছর সরকার অনুমোদিত ৩ হাজার ৯৫০ টনের মধ্যে ১১ দিনে মাত্র ৬৩১ টন ২৪০ কেজি ইলিশ রপ্তানি হয়েছে ভারতে। সব ইলিশ রপ্তানি করতে সময় বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
রপ্তানিকারক-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের চাহিদার বিপরীতে ইলিশ আহরণ কমে যাওয়ায় সরকার দেশের বাইরে রপ্তানি বন্ধ করেছে। তবে দুর্গাপূজা উপলক্ষে সরকার প্রতিবছর নির্দিষ্ট পরিমাণে ইলিশ ভারতে রপ্তানি করে আসছে। এ বছর দেশের ৭৯টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩০ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়ে ভারতে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় সরকার। গত ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয় ইলিশ রপ্তানি। এ পর্যন্ত ২৯টি প্রতিষ্ঠান ৬৩১ টন ২৪০ কেজি ইলিশ রপ্তানি করতে পেরেছে।
এদিকে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন মৌসুম শুরু হওয়ায় ইলিশ ধরা ও বিক্রিতে নিষেধাজ্ঞা থাকায় ইলিশ রপ্তানিতেও প্রতিবন্ধকতা এসেছে। রপ্তানিকারকরা বাকি ইলিশ পাঠাতে সময় বৃদ্ধির আবেদন করবে বলে জানিয়েছেন।
ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান সততা ফিসের রেজাউল জানান, সময় স্বল্পতায় সব ইলিশ রপ্তানি করা সম্ভব হয়নি। সরকার যদি সময় বাড়ায়, তবে বাকি ইলিশ রপ্তানি করা যাবে।
বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহাবুবুর রহমান জানান, গেল বছর ইলিশ রপ্তানির অনুমতি ছিল ৩ হাজার টন। সে সময়ও মাত্র ১৩০০ টন ইলিশ রপ্তানি হয়েছিল।






















