আজ ফরিদপুর যাচ্ছেন শেখ হাসিনা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০২ জানুয়ারি ২০২৪, ০৩:২৬ পিএম


আজ ফরিদপুর যাচ্ছেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


নির্বাচনী জনসভায় অংশ নিতে আজ মঙ্গলবার (০২ জানুয়ারি) ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বেলা সাড়ে ১১টায় ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন তিনি।
 

এদিন শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বিকেল ৩টায় জেলা আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি।
 

প্রধানমন্ত্রীর জনসভার জন্য প্রস্তুত মঞ্চ ও কলেজ মাঠ। জনসভা উপলক্ষে মাঠে নিরাপত্তা বেষ্টনি, মাইক স্থাপনসহ সভাস্থলের আশপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমনে উৎসাহের কমতি নেই এখানকার মানুষের মাঝে। প্রত্যাশাও ব্যক্ত করেছেন নানা শ্রেণি-পেশার মানুষ। ফরিদপুর নামে বিভাগ ঘোষণা ও একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন এখানকার মানুষের প্রাণের দাবি। দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটিয়েছে পদ্মা সেতু। এখানে শিল্প-কারখানা স্থাপন হলে এ অঞ্চলের জীবনযাত্রার মান আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন স্থানীয়রা।
 

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ বলেন, নেত্রীর আগমনে ফরিদপুর আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।


তিনি বলেন, জনসভাস্থলে নারী ও পুরুষদের জন্য আলাদা বসার জায়গা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী, ভিআইপি ও সাধারণ মানুষের মাঠে প্রবেশের পথ নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি শহরজুড়ে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা। সমাবেশ মাঠ সংলগ্ন এলাকাজুড়ে সড়কের পাশের গাছের নিচের অংশ সৌন্দর্যবর্ধনের জন্য রং করা হচ্ছে। প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে লাখো মানুষের সমাগমের প্রস্তুতি নিয়েছে জেলা আওয়ামী লীগ।
 

এ সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক। জনসভায় ফরিদপুরের বাকি তিনটি সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরাও উপস্থিত থাকবেন।


 

Ads