জবাবদিহিমূলক জনপ্রশাসন গঠনে সহযোগিতা দেবে ইউএনডিপি: ইসমাইল জবিউল্লাহ
১২ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পিএম
যৌথ অংশীদারিত্ব জোরদার এবং জবাবদিহিমূলক, জনবান্ধব ও তথ্য-প্রমাণনির্ভর জনপ্রশাসন গড়ে তোলার অঙ্গীকার নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় সুশাসন, কর্মসংস্থান সৃষ্টি ও সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে সংস্থাটির সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে এই গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়। সচিবালয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর দপ্তরে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগসের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এ আলোচনায় অংশ নেন।
বৈঠকে ইউএনডিপি প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থাটির উপ-আবাসিক প্রতিনিধি সোনালী দায়ারত্নে, সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ এবং ইউএনডিপি বাংলাদেশের 'স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস' (SIPS) প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মাহমুদুল হাসান। এছাড়া সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) মহাপরিচালক ড. দেলোয়ার হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন।
আলোচনাকালে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগস উপদেষ্টা মহোদয়কে দেশে পরিচালনাধীন চলমান প্রকল্পসমূহ সম্পর্কে অবহিত করেন। বিশেষ করে গভর্ন্যান্স ইনোভেশন, পাবলিক সেক্টর সংস্কার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য নাগরিক-কেন্দ্রিক সেবা নিশ্চিতকরণে জিআইইউ-এর সাথে যৌথ উদ্যোগের অগ্রগতি তুলে ধরেন। প্রতিনিধি দল নিশ্চিত করে যে, ইউএনডিপির এই সহযোগিতা একটি সুসংগঠিত, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন প্রতিষ্ঠার দিকে লক্ষ্য রেখে পরিচালিত হচ্ছে।
বৈঠকে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে ইউএনডিপির দীর্ঘদিনের ভূমিকাকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আগামী দিনগুলোতে সরকারের সুশাসন প্রতিষ্ঠা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারি কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বাড়াতে ইউএনডিপির কাছ থেকে বিস্তৃত সহায়তা কামনা করেন। একই সাথে বিএনপির নির্বাচনী ইশতেহারের সাথে সামঞ্জস্য রেখে নাগরিক-কেন্দ্রিক বিভিন্ন সেবা কার্যক্রম সহজীকরণ ও নতুন উদ্যোগ বাস্তবায়নে সংস্থাটিকে এগিয়ে আসার আহ্বান জানান।
ইউএনডিপি প্রতিনিধি দল সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত খাতসমূহ এবং প্রাতিষ্ঠানিক সংস্কার এজেন্ডার সাথে একাত্মতা প্রকাশ করে সেবা সহজীকরণসহ পাবলিক সেক্টর সংস্কারের সব ক্ষেত্রে তাদের সহায়তা ও অংশীদারিত্ব অব্যাহত রাখার আশ্বাস প্রদান করে।




















