বাড়ল চালের দাম, ক্রেতাদের দম বন্ধ হওয়ার অবস্থা
১০ জানুয়ারি ২০২৪, ০৫:৩১ পিএম
ছবি- সংগৃহীত।
দেশে এখন আমনের ভরা মৌসুম চলছে। বাজারে এসেছে নতুন চাল। সরবরাহ ঘাটতি না থাকলেও দীর্ঘদিন উচ্চমূল্যে স্থিতিশীল থাকার পর পাইকারি বাজারে ৪ থেকে ৫ টাকা পর্যন্ত বেড়েছে দেশের প্রধান খাদ্যশস্য চালের দর। এর মধ্যে সব থেকে বেশি বেড়েছে মোটা ও মাঝারি মানের চালের দাম। নিম্নমানের স্বর্ণা চালও এখন সর্বনিম্ন ৫৩ টাকায় কেজি কিনতে হচ্ছে ভোক্তাকে। এতে যেন ক্রেতাদের ‘দম বন্ধ’ হওয়ার অবস্থা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ সময় দেশের বাজারে চালের দাম বাড়ার পেছনে কোনো যৌক্তিক কারণ নেই। এটি কেবল ব্যবসায়ীদের নতুন ভেলকিবাজি। এমন পরিস্থিতিতে ভোক্তার অধিকার আদায়ে সর্বপ্রথম সরকারের বাজার তদারকি সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। তবে বিগত বছরগুলোতে কারসাজির সঙ্গে জড়িত ব্যবসায়ীদের যথাযথ শাস্তি না হওয়ায় একই কাজের পুনরাবৃত্তি হচ্ছে বলেও দাবি করেন তারা।
এদিকে কৃষি সংশ্লিষ্টরা দাবি করছেন, চলতি অর্থবছরে আমন ধান কাটা এখনো শেষ হয়নি। এ পর্যন্ত ৯৭ দশমিক ৪৬ শতাংশ ধান কাটা হয়েছে। তবে মৌসুমের লক্ষ্যমাত্রার কাছাকাছি চাল উৎপাদন হয়েছে। পুরোপুরি ধান কাটা হলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।






















