নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ওনাব নেতাদের সহযোগিতা চাইলেন বাণিজ্য প্রতিমন্ত্রী
১৮ জানুয়ারি ২০২৪, ১০:৩২ পিএম
নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল মালিকদের সংগঠন অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওনাব) নেতৃবৃন্দের মতবিনিময় সভায় বাণিজ্য প্রতিমন্ত্রী।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সাথে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল মালিকদের সংগঠন অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওনাব) নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সঠিক তথ্য প্রকাশের মাধ্যমে ওনাব নেতাদের সহযোগিতা চান বাণিজ্য প্রতিমন্ত্রী।
আহসানুল ইসলাম টিটু বলেন, আমরা সবার সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই। সব মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রে যা যা করণীয়, বাণিজ্য মন্ত্রণালয় তা করবে। উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত দ্রব্যমূল্য যেন সহজতর হয়, সেটি আমরা নিশ্চিত করবো।
মতবিনিময় সভায় অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওনাব)-এর সভাপতি মোল্লা আমজাদ হোসেনের সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন ওনাব সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী। এসময় সংগঠনের নেতৃবৃন্দ নতুন বাণিজ্য প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময় শেষে অনলাইন গণমাধ্যমের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন তাঁরা।
ওনাবের সহ-সভাপতি লতিফুল বারী হামিম ও সৌমিত্র দেব, যুগ্ম সম্পাদক মো. সিদ্দিকুর রহমান ও আশরাফুল কবির আসিফ, কোষাধ্যক্ষ মো. মোস্তাকিম সরকার, কার্যনির্বাহী সদস্য রফিকুল বাসার, হামিদ মোহাম্মদ জসিম, মহসিন হোসেন এসময় উপস্থিত ছিলেন।





















