সীমান্ত পুরোপুরি রক্ষিত: স্বরাষ্ট্র উপদেষ্টা
২৩ এপ্রিল ২০২৫, ০৫:০৫ পিএম
স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সীমান্ত পুরোপুরি রক্ষিত আছে বলে মন্তব্য করেন।
আজ বুধবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,‘কি কি সমস্যা হচ্ছে এবং কি কি উপায়ে তা সমাধান করা যায় এগুলো নিয়ে সভায় আলোচনা হয়েছে’। শুধু আইনশৃঙ্খলার বিষয় না, সব ব্যাপারেই এখানে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা আরো কিভাবে উন্নয়ন করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জমির টপ সয়েল কেটে নিয়ে যাচ্ছে,পাহাড় উজাড় হয়ে যাচ্ছে এগুলো নিয়েও আলোচনা হয়েছে।’
উপদেষ্টা আরো বলেন, ‘আরাকান ওই বর্ডারটা ডিফিকাল্ট বর্ডার। আমরা তো মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখি।
কিন্তু বর্ডারটা পুরোটা দখল করে আছে আরাকান আর্মি। এখন মিয়ানমার থেকে কিছু আমদানি-রপ্তানি করতে হলে মিয়ানমার সরকারকে ট্যাক্স দিতে হয় আবার আরাকান আর্মিতে যারা আছে তারাও পয়সা নিচ্ছে। এখানে একটা সমস্যা আছে আপনাকে বুঝতে হবে। কিন্তু এই সমস্যা সমাধানে চেষ্টা করা হচ্ছে।
আর সীমান্ত পুরাভাবে রক্ষিত আছে।’
একটি আরাকান সংগঠনকে ঘিরে সাম্প্রতিক সময়ের বিভিন্ন ভিডিও ও টিকটক কনটেন্ট সম্পর্কে তিনি বলেন, ‘এখন দেখতে হবে যে আরাকান আর্মি ফাইট করতেছে অনেকদিন যাবৎ। এদের অনেকে এপারে বিয়ে করে ফেলছে- এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু যে হারে ভিডিওতে আসছে বিষয়টা তা নয়। টিকটক ভিডিও কিন্তু অনেকভাবে করা যায়।
কিন্তু সবটা যে সত্য তা না, আবার সবটা যে মিথ্যা তাও না। এটার ক্ষেত্রে আপনাকে ব্যালেন্স করতে হবে।’
পাহাড়েরর বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি পাহাড়ে তিনবার চাকরি করেছি। ক্যাম্প কমান্ডার ছিলাম, সিও ছিলাম ও বিগ্রেড কমান্ডার ছিলাম। পাহাড়ের অশান্ত তো আপনারা দেখেনই নাই। এখন ওই তুলনা করতে গেলে পাহাড় এখন পুরোটাই শান্ত। এই ছোটখাটো অপহরণ যে পাহাড়ে হয়েছে, তা আমাদের প্লেইন ল্যান্ডেও (সমতল) তো হচ্ছে। খালি পাহাড়ের কেন দোষ দেন। পাহাড় আগের থেকে অনেক ভালো অবস্থায় আছে, অনেক শান্ত আছে। আমি বাঘাইহাটে ছিলাম। সেখানে ল্যান্ডমাইন দিয়ে একসাথে পিকআপ উড়াই দিছে। তিনজন, চারজন করে মারা গেছে। সেসময় এই খবরগুলো আসেও নাই প্লাস ওই এলাকায় এক্সেসেবিলিটিও ছিল না। কিন্তু এখন তো পাহাড়ের অবস্থা এতো ভালো ওই রাস্তা দিয়ে আপনারা সাজেক চলে যাচ্ছেন। পর্যটকরা সাজেক চলে যাচ্ছে।’
যৌথবাহিনীর অভিযান নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যৌথবাহিনীর অভিযান কোনো অবস্থায় কমেনি। বরং আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে।’
তিনি বলেন,‘যে ঘটনা ঘটে, সত্যি ঘটনা আপনারা অবশ্যই প্রকাশ করে দেবেন। তখন আমাদের কাজ করতে সুবিধা হয়। কিন্তু অনেক সময় আছে দুই একজন করে কি, ঘটনা সত্যি নয় কিন্তু প্রকাশ করে দেয়। সেসময় অনেক সময় ইনভেস্টিগেশন করে দেখা যায় যে ঘটনা সত্যি নয় তখন অসুবিধা হয়। পাশ্ববর্তী দেশের সাংবাদিকরা এর সুবিধাটা নেয়। যেহেতু জানেন যে তারা মিথ্যা সংবাদ বেশি পরিবেশন করে। সেক্ষেত্রে দেশের সাংবাদিকদের একটা সুনাম আছে, আপনারা সত্য সংবাদ প্রকাশ করেন। দুই-একটি এদিক সেদিক হলেই ওরা সুবিধা পেয়ে যায়। আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন আমি অনুরোধ করবো আপনারা সেইভাবে কাজ করেন।’
ঢাকা কলেজ ও সিটি কলেজের মারামারি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,‘তারা তো আমাদের ছোট ভাই। তাদেরকে বুঝাবেন, যে সবাই আমরা ভাই ভাই।’























