জুলাই শহিদ মুগ্ধ ও ডা. সজিবের মাসহ ৩১ নারী পেলেন রত্নগর্ভা সম্মাননা
১২ মে ২০২৫, ০১:২৫ পিএম
আন্তর্জাতিক মা দিবসে উত্তরা পাবলিক লাইব্রেরি ‘রত্নগর্ভা মা সম্মাননা-২০২৫’ পেয়েছেন ৩১ জন নারী। ‘মা সন্তানের আদর্শ বিদ্যানিকেতন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর উত্তরা পাবলিক লাইব্রেরির উদ্যোগে মায়েদের হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়।
গতকাল রবিবার ( ১১ মে) বিকেলে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে অবস্থিত ক্যামব্রিয়ান কলেজ মিলনায়তনে ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ লায়ন নিশাত পারভীন হক-এর সভাপতিত্বে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে রত্নগর্ভা মা সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন করপোরেট ব্যক্তিত্ব ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. সৈয়দ আলমগীর, প্রধান আলোচক অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভিসি অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি মাদরাসা শিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক ড. শাহনওয়াজ দিলরুবা খান, ডিএমপি উত্তরা বিভাগের উপ-কমিশনার মো: মহিদুল ইসলাম, ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নায়েন, ইম্প্রুভ গ্রুপের এমডি কে এম জহির ফারুক ও চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক মাহবুবুল আলম।
অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম বলেন, পৃথিবীতে মায়ের কোনো তুলনা হয় না। পৃথিবীতে মা এমন একটি শব্দ যে শব্দ পৃথিবীর সকল ভাষাতেই সমান গুরুত্ববহ।
বৃদ্ধাশ্রমে মা-বাবাদের স্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হই তাহলে কোন মা-বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না।
আশরাফুল আলম সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ তারেকউজ্জামান খান। তিনি বলেন, ‘মায়েদের সম্মানে আমরা এ বছর পঞ্চমবারের মতো রত্নগর্ভা মা সম্মাননা আয়োজন করেছি। মূলত আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে আমাদের এই পথচলা। সমাজ গঠনে উত্তরা পাবলিক লাইব্রেরি সবসময় কাজ করে যাবে, ইনশাআল্লাহ।’
অনুষ্ঠানে বক্তারা বলেন, পৃথিবীর সব মায়ের কাছেই তার সন্তান রত্ম। আর তাই বিশ্ব মা দিবসের এই অনুষ্ঠান থেকে পৃথিবীর সকল মায়েদের আমরা রত্নগর্ভা বলতে চাই।
এ সময় প্রধান অতিথি ড. সৈয়দ আলমগীর আগত রত্নগর্ভা মায়েদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এর আগে মায়েদের উত্তরীয় পড়িয়ে দেন উত্তরা পাবলিক লাইব্রেরির সহকারী পরিচালক শ্রাবণী জামান তূর্ণা।
এ বছর জুলাই শহিদ মাহফুজুর রহমান মুগ্ধর মা শাহীনা চৌধুরী ও শহিদ ডা. সজিবের মা ঝর্ণা বেগমসহ সর্বমোট ৩১জন মাকে রত্নগর্ভা মা সম্মাননা প্রদান করা হয়।


















