খাগড়াছড়িতে পিসিপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পৃথক কর্মসূচি


খাগড়াছড়িতে পিসিপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পৃথক কর্মসূচি

 

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে পালিত হয়েছে পৃথক দুটি কর্মসূচি। এমএন লারমা সমর্থিত পিসিপি ও বৃহত্তর পিসিপি (গণতান্ত্রিক) এই দিনে পৃথকভাবে র‍্যালি ও ছাত্র সমাবেশের আয়োজন করে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে পার্বত্য চট্টগ্রামে আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলন জোরদারসহ পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়নে সকল প্রকার অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান”— এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি- এমএন লারমা সমর্থিত)-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গৌরবোজ্জ্বল লড়াই-সংগ্রামের তিন যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা।

এর আগে সকালে মহাজন পাড়ার এমএন লারমা ভাস্কর্য প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা।

পিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুজন চাকমা (ঝিমিট) সভাপতিত্বে এসময় বক্তব্য দেন জেএসএস কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক সাথোয়াই অং মারমা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগর সংসদের সাধারণ সম্পাদক শুভ দেবনাথ, জেএসএস (এমএন লারমা সমর্থিত) সাংগঠনিক সম্পাদক প্রত্যয় চাকমা, যুব সমিতির সাধারণ সম্পাদক জগদীশ চাকমা, এবং হিল উইমেন্স ফেডারেশনের আহ্বায়ক মায়া চৌধুরী।

অনুষ্ঠানে পিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিশান চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক পিন্টু চাকমা।

সভায় বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষক, নারী ও যুব সংগঠনের নেতৃবৃন্দসহ প্রগতিশীল বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে “জাতীয় অস্তিত্ব ও জন্মভূমির অস্তিত্ব রক্ষার্থে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে ছাত্র ও যুব সমাজে আন্দোলনে বৃহত্তর জুম্ম জাতীয় গড়ে তুলুন” এই প্রতিপাদ্যে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি- গণতান্ত্রিক) আয়োজন করে পৃথক র‍্যালি ও ছাত্র সমাবেশ।

চেঙ্গী স্কোয়ার থেকে র‍্যালিটি শুরু হয়ে মিলনপুরস্থ মারমা উন্নয়ন সংসদের কমিউনিটি সেন্টারে শেষ হয়। পরে যেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সমাবেশের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিটন চাকমা। সভাপতিত্ব করেন পিসিপি (গণতান্ত্রিক) কেন্দ্রীয় সভাপতি দীপন চাকমা এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক কলিন চাকমা।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা। আরও বক্তব্য দেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর খাগড়াছড়ি জেলা সভাপতি আলোক ময় চাকমা ও অন্যান্য নেতৃবৃন্দ।

Ads