আমাকে দিয়ে দেশের কোনো অনিষ্ট হবে না- প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

২৬ মে ২০২৫, ১০:৪০ এএম


আমাকে দিয়ে দেশের কোনো অনিষ্ট হবে না- প্রধান উপদেষ্টা

ফাইল ছবি

 

রাজনৈতিক দলের বৈঠকে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমি যত দিন আছি দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকেন। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধ অনুভব করব বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

গতকাল রবিবার (২৫ মে) সন্ধ্যায় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সংবাদ সম্মেলনে তার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন আমরা বড় যুদ্ধ অবস্থার ভেতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে দেশকে যত রকমভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে উদ্ধার পেতে হবে। ঐকমত্য থাকতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে যতটুকু দাঁড়াতে পেরেছি, এটা যেন সামনের দিকে যায়।

প্রধান উপদেষ্টা বলেন, “সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধ অনুভব করব। অভ্যুত্থানের কারণে মহাসুযোগ পেয়েছি। ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে আনা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সাথে সাথে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভেতরে এবং বাইরে, যেন আমরা এগোতে না পারি, যেন সবকিছু কলাপস হয়ে যায়, আবার যেন গোলামিতে ফিরে যাই।”

তিনি বলেন, যারা এই কন্সপাইরেসি (ষড়যন্ত্র) করছে, তাদের উদ্দেশ আমরা যেন গোলামিতে ফিরে যাই। আমি যতদিন আছি, দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না, নিশ্চিত থাকেন।

প্রধান বিচারপতির সাক্ষাৎ : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। তবে কী বিষয়ে বৈঠকটি হয়েছে- সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

সূত্র জানায়, প্রধান বিচারপতি বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন। বৈঠক শেষে বিকেল সাড়ে ৫টার দিকে তিনি যমুনা ত্যাগ করেন। বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে বলে জানা গেছে। এ ছাড়াও সম্প্রতি প্রধান বিচারপতির দক্ষিণ আফ্রিকা সফরের বিষয়বস্তু নিয়েও আলোচনা হয়।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে বলেন, এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ।

জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা : সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ মে মঙ্গলবার দিবাগত রাতে সরকারি সফরে জাপান যাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার এই সফরে বাংলাদেশকে এক বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তার ঘোষণা দিতে পারে জাপান। এ ছাড়া দেশটির সাথে পাঁচটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হতে পারে বলেও জানা গেছে, যার মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বিষয়ক একটি চুক্তিও রয়েছে।

দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে কিছুটা ‘শঙ্কা’ তৈরি হলেও তার নির্ধারিত এ সফর হবে বলেই তথ্য দিয়েছেন সংশ্লিষ্টরা। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সফরটির সমন্বয় করছেন বলে জানা গেছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা। তিনি আগামী ২৯ মে টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই ফোরামে অংশ নেবেন। পরদিন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। দুই শীর্ষ নেতার বৈঠকের পর পাঁচটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হতে পারে। যার মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা নিয়ে একটি চুক্তিও রয়েছে। অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ, জ্বালানি, বিডার সক্ষমতা বৃদ্ধি, জনশক্তি রফতানিসহ আরো একটি সমঝোতা স্মারক সই হওয়ারও কথা রয়েছে।

এ ছাড়া সফরে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে, যার মধ্যে বাংলাদেশকে এক বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তার ঘোষণা দিতে পারে জাপান।

 

Ads