বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে ইন্দোনেশিয়ার আগ্রহ
০২ জুন ২০২৫, ০৬:১৩ পিএম
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ এবং সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় করতে আগ্রহ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া।
সোমবার (২ জুন) ঢাকায় এক বৈঠকে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আরমানাথা ক্রিশ্চিয়াওয়ান নাসির এই আগ্রহের কথা জানান।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন উপমন্ত্রী নাসির। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং বিশেষ করে মুসলিম-সংখ্যাগরিষ্ঠ এ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস দুঃখ প্রকাশ করে বলেন, “ধর্মীয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক পটভূমি সত্ত্বেও ঢাকা-জাকার্তার সম্পর্ক কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি। আমাদের অবশ্যই সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হতে হবে।”
তিনি আরও বলেন, সাংস্কৃতিক ও শিক্ষামূলক সফরসহ জনগণের মধ্যে বিনিময় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা জরুরি। এ লক্ষ্যে ইন্দোনেশিয়ার সাথে সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশ সর্বাত্মক প্রচেষ্টা চালাতে প্রস্তুত বলেও জানান তিনি।
উপমন্ত্রী নাসির জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইন্দোনেশিয়ায় বৃত্তি সুবিধা এবং কূটনৈতিক প্রশিক্ষণের জন্য সুযোগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি, বালির মতো জনপ্রিয় ইন্দোনেশিয়ান পর্যটন গন্তব্যে বাংলাদেশিদের জন্য ভিসা-মুক্ত ভ্রমণ সুবিধা চালুর প্রস্তাবের কথাও উত্থাপন করেন অধ্যাপক ইউনূস।
আসিয়ানের সেক্টরাল সংলাপ অংশীদার হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়ে উপমন্ত্রী নাসির বলেন, “বাংলাদেশ ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
রোহিঙ্গা সংকটের প্রসঙ্গে অধ্যাপক ইউনূস আশাবাদ ব্যক্ত করেন, আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে ইন্দোনেশিয়া কার্যকর ভূমিকা রাখবে। উত্তরে উপমন্ত্রী নাসির বলেন, “বাংলাদেশের উদ্বেগের সঙ্গে ইন্দোনেশিয়া একমত এবং এ সংকটের শান্তিপূর্ণ ও মানবিক সমাধানে আমরা পাশে আছি।”
উল্লেখ্য, ইন্দোনেশিয়া বাংলাদেশের চতুর্থ বৃহত্তম আমদানি গন্তব্য এবং দেশটির বিনিয়োগকারীরা বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলসহ উৎপাদন ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান নাসির।


















