আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে সার্বক্ষণিক খোলা থাকবে দেশের ফিলিং স্টেশনসমূহ
০৪ জুন ২০২৫, ০২:১৬ পিএম
আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা- ২০২৫ উপলক্ষে দেশের সকল সিএনজি ও ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার। ঈদের দিনসহ পূর্বের ৭ (সাত) দিন এবং ঈদের পরের ৫ (পাঁচ) দিন নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৪ মে) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। যাত্রীসাধারণের ঈদযাত্রা নির্বিঘ্ন ও সড়কপথে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয় সভায়।
পরবর্তীতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক অফিস আদেশ জারি করে সংশ্লিষ্ট সকল সিএনজি ও ফিলিং স্টেশনগুলোকে উল্লিখিত সময়ে সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশনা প্রদান করে।
সরকারি এই সিদ্ধান্তের ফলে আসন্ন ঈদে দেশের মহাসড়ক ও সড়কপথে চলাচলকারী যানবাহনের জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন ঘটবে না বলে আশা করা হচ্ছে।
ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা বাহিনী, হাইওয়ে পুলিশ, ও সড়ক পরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
























