ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে- শফিকুল আলম

মোঃ আলী আহসান রবি, বিশেষ প্রতিনিধি

১৬ আগস্ট ২০২৫, ১২:১৬ পিএম


ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে- শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি।

 

নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত এবং ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্ব্যর্থহীন ভাষায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন- এমন কোনো শক্তি নেই যে নির্বাচনকে বিলম্বিত করতে পারে।  

শুক্রবার (১৫ আগস্ট) মাগুরায় জুমার নামাজের পর শহীদ রাব্বি ও শহীদ আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এরই মধ্যে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন নিয়ে কাজ করতে শুরু করেছে জানিয়ে শফিকুল আলম বলেন, বর্ষার মৌসুম শেষ হলেই পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে। নির্বাচনের মহোৎসব আপনারা দেখতে পাবেন।
 
এ সময় সংস্কারের বিষয়ে প্রেস সচিব বলেন, জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে সমঝোতার ভিত্তিতে কাজ চলছে। সংস্কার কাজ অব্যাহত আছে। সংস্কার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। আর সেটা দৃশ্যমানও।
 
তিনি বলেন,  আমরা নিশ্চিত যে কারো মনে যদি কোন সন্দেহ থাকে সেই সন্দেহটুকু চলে যাবে। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং রোজার আগেই হবে। আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। আশা করছি সবার সহযোগিতায় সম্ভব হবে।

শফিকুল আলম বলেন, জুলাই-আগস্টে মাগুরায় মোট ১০ জন শহীদ হয়েছেন। আওয়ামী লীগ-যুবলীগের খুনি বাহিনীর হাতে শহীদ হয়েছেন মেহেদী হাসান রাব্বি। উনি ছাত্রদলের স্থানীয় একজন নেতা ছিলেন। আমি তার কবরে গিয়েছিলাম এবং একই এলাকার আলামিন ছোট ব্যবসা করতেন ঢাকাতে উনাকেও গুলি করে মারা হয়েছে, উনার কবর মাগুরা উপকণ্ঠে রয়েছে। সেখানেও গিয়েছিলাম ফুল দিতে। মাগুরা জেলায় মোট ১০ জন শহীদ আছেন। বাকি ৮ জন প্রত্যেকের কবরস্থানে যাব।
 
তিনি বলেন, এই শহীদরা নতুন বাংলাদেশের নির্মাতা। তাদের আত্মদানের ফলে আমরা নতুন একটা দেশ পেয়েছি। আমরা আজকের এই দিনে সবাই মুখ ফুটে কথা বলতে পারছি। সেজন্য তাদেরকে সম্মান জানাতে কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছি।

 

Ads