খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
৩১ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ এএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং তাঁর জানাজায় অংশ নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীসহ কয়েকটি দেশের মন্ত্রী ও বিশেষ দূত আগামীকাল বুধবার ঢাকায় আসছেন।
কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চশিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ এবং নেপাল সরকারের একজন প্রতিনিধি ঢাকায় আসছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা সফর করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বিকেলে ঢাকায় ভারতীয় হাইকমিশন এস জয়শঙ্করের বুধবার ঢাকায় আসার বিষয়টি আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নিশ্চিত করেছে। তিনি আগামীকাল দুপুরের পর ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসবেন। খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিকেলেই ফিরে যাবেন।























