প্রশংসা একটু কম কইরেন : স্বাস্থ্যমন্ত্রীকে সংযত করলেন প্রধানমন্ত্রী

নয়ন তারা

১৯ এপ্রিল ২০২৬, ০৯:২১ এএম


প্রশংসা একটু কম কইরেন : স্বাস্থ্যমন্ত্রীকে সংযত করলেন প্রধানমন্ত্রী


নিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে’ এক ব্যতিক্রমী ও হাস্যরসাত্মক মুহূর্তের সৃষ্টি হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমানের গুণকীর্তনে ব্যস্ত স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলকে সরাসরি থামিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‌‘মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম কইরেন’।

সম্মেলনের শুরুতে স্বাস্থ্যমন্ত্রী তাঁর বক্তব্যে স্বাস্থ্য খাতের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং সরকারের সাফল্যের কৃতিত্ব বারবার প্রধানমন্ত্রীর একক নেতৃত্বের ওপর আরোপ করছিলেন। তিনি প্রধানমন্ত্রীকে ‘সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক সংগঠক’ এবং ‘বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব’ হিসেবে আখ্যায়িত করেন। মন্ত্রীর এমন অতি প্রশংসা এক পর্যায়ে উপস্থিত সবার নজর কাড়ে।

স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের মাঝপথেই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী সহাস্যে এই মন্তব্য করলে পুরো মিলনায়তনে উপস্থিত কর্মকর্তাদের মধ্যে হাসির রোল পড়ে যায় এবং করতালিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের পর স্বাস্থ্যমন্ত্রীও তাৎক্ষণিক রসিকতার সুরে জবাব দেন, ‘খুব প্রশংসা করি নাই, যতটুকু আপনি করতেছেন তার তুলনায় সামান্যই বলেছি’।

রসিকতার এই পর্ব শেষে স্বাস্থ্যমন্ত্রী তাঁর মূল বক্তব্যে ফিরে আসেন এবং দেশের স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠ পর্যায়ের চিকিৎসকদের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে আরও আধুনিক ও জনবান্ধব করার আশ্বাস দেন। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন স্তরের উচ্চপদস্থ কর্মকর্তা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

 

Ads