বিয়াম ফাউন্ডেশন প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
২৫ এপ্রিল ২০২৬, ০৯:০৩ এএম
রাজধানীতে বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্র কাম অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, আজ শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এই তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, বিয়াম ফাউন্ডেশনের এই নতুন ভবনটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন হবে, যা সরকারি সেবা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিয়াম ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সিভিল সার্ভিসের কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কাজ করে আসছে। নতুন এই বহুতল ভবনে অত্যাধুনিক অডিটোরিয়াম ছাড়াও থাকবে আধুনিক কম্পিউটার ল্যাব, কনফারেন্স রুম এবং আবাসিক প্রশিক্ষণ সুবিধা।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও মন্ত্রী পরিষদের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রশাসনিক কাঠামোর আধুনিকায়ন এবং প্রশিক্ষণ ব্যবস্থায় নতুন এক দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।






















