ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে দেশ: অর্থমন্ত্রী
০৪ জুলাই ২০২৬, ০৪:৫৭ পিএম
দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের বর্তমান ইতিবাচক ধারায় বাংলাদেশ দ্রুতই এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (৪ জুলাই) চট্টগ্রাম সফরকালে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
অর্থমন্ত্রী জানান, দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে অর্থনৈতিক সম্ভাবনার এক বিশাল দুয়ার উন্মোচিত হতে যাচ্ছে। আগামী দিনে এই নগরী হয়ে উঠবে দেশের অর্থনীতির অন্যতম প্রধান ‘লজিস্টিক হাব’। চট্টগ্রামের এই বিপুল সম্ভাবনাকে এবারের জাতীয় বাজেটেও বিশেষভাবে মূল্যায়ন ও প্রতিফলন ঘটানো হয়েছে।
চট্টগ্রামের শিল্প সম্ভাবনাকে আরও বেগবান করতে একটি বড় পরিকল্পনার কথা জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, চট্টগ্রামের আনোয়ারায় প্রায় ৬ শ একর জায়গাজুড়ে একটি আধুনিক ‘ফ্রি ট্রেড জোন’ গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এর আগে, গত এপ্রিল মাসে জাতীয় সংসদে সরকারি দলের এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারের সুদূরপ্রসারী অর্থনৈতিক লক্ষ্যের কথা তুলে ধরেছিলেন। সে সময় তিনি জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
এই মহাপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা অর্জনে সরকার একটি সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি জানান, বিনিয়োগ বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থনৈতিক গণতন্ত্রায়ণ, ক্রিয়েটিভ অর্থনীতি এবং স্পোর্টস অর্থনীতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।



















