১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পিএম
ছবি: সংগৃহীত
আগামী ১৬ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। প্রথম দিন ২০টি উড়োজাহাজের মাধ্যমে কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, পরবর্তী ৫ থেকে ৬ মাসের মধ্যে টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি। বিমানমন্ত্রী বলেন, কার্যক্রম শুরুর প্রথম দিনে থার্ড টার্মিনাল দিয়ে ২০টি উড়োজাহাজ চলাচল করবে।
এম রশিদুজ্জামান মিল্লাত জানান, থার্ড টার্মিনাল পরিচালনা থেকে অর্জিত আয়ের ২৭ শতাংশ পাবে বাংলাদেশ। এ ছাড়া গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ৫০ শতাংশ দায়িত্ব পালন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
তিনি বলেন, আগামী ৫ থেকে ৬ মাসের মধ্যে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম পুরোপুরি চালু করা হবে।
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্প নেওয়া হয় ২০১৭ সালে। ২১ হাজার ৩৯৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০১৯ সালের ২৮ ডিসেম্বর নির্মাণকাজ শুরু হয়।
প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকার ৫ হাজার কোটি টাকা দিয়েছে। বাকি অর্থ জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) থেকে ঋণ হিসেবে নেওয়া হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থার্ড টার্মিনালের আংশিক উদ্বোধন করা হয়। সে সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছিল, ২০২৪ সালের মধ্যে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু হবে। তবে নির্ধারিত সময়ে তা সম্ভব হয়নি।





















