কোনো বেআইনি নির্দেশনা কমিশন থেকে যাবে না: সিইসি
০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পিএম
ছবি: সংগৃহীত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘নির্বাচনী দায়িত্ব পেশাদারত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘আওয়ার কমিটমেন্ট ইজ টোটাল।’ স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। একইভাবে পুলিশেরও সাংবিধানিক ও আইনি দায়িত্ব রয়েছে।
তিনি বলেন, ‘কোনো বেআইনি নির্দেশনা কমিশন থেকে যাবে না। ওনারা (পুলিশ) বলেছেন, ক্রেডিবল ইলেকশনের জন্য তারা কাজ করবেন।’
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্থানীয় নির্বাচন আয়োজন সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ত্রয়োদশ নির্বাচনের সময় যে পরিস্থিতি ছিল, বর্তমান পরিস্থিতি তার চেয়ে খারাপ নয়। পুলিশের ওপর কমিশনের আস্থা রয়েছে বলেও জানান তিনি।
সিইসি বলেন, ‘দলীয় সরকার ক্ষমতায় আছে।’
পুলিশ চাপমুক্তভাবে নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হাসান ফকির বলেন, বর্তমানে দলীয় সরকার ক্ষমতায় থাকলেও এটি একটি গণতান্ত্রিক সরকার।
তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের জন্য পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী কাজ করবে পুলিশ।
গত ছয় মাসে পুলিশের ভাবমূর্তি ফেরানোর বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, ‘আমি তো মনে করি আমাদের সাফল্য শতভাগ।’





















