এসডিজি অর্জনে বিশ্ব নেতাদের সঙ্গে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

অয়ন আহমেদ

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পিএম


এসডিজি অর্জনে বিশ্ব নেতাদের সঙ্গে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্ব নেতাদের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, এসডিজি অর্জনের পথে বিশ্ব অনেকটা পিছিয়ে রয়েছে। এখন কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী তার ভিডিও বার্তায় এসডিজি বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার, অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন। জাতিসংঘের ২০২৬ সালের এসডিজি মোমেন্টের মূল প্রতিপাদ্যও ছিল সম্মিলিতভাবে কাজের মাধ্যমে ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনের গতি বাড়ানো।

অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা ভিডিও বার্তার মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরেন।

এদিকে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

Ads