রায়গঞ্জে আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপে ১২পরিবারের সংবাদ সম্মেলন
১৯ জানুয়ারি ২০২২, ০৮:২৪ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি প্রতিবন্ধি পরিবারসহ ১২টি পরিবারের উপর মিথ্যা মামলা, হামলা, বাড়িঘর লুটপাট হয়রানীর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে উপজেলার বেতুয়া গ্রামের নির্যাতিত পরিবারের পক্ষে রেজাউল করিম।
বুধবার সকাল ১১ টায় রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টিএম কামরুজ্জামান লাবুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে নির্যাতিত রেজাউল করিম বলেন, বেতুয়া গ্রামে মরহুম নিজাম উদ্দীন (৫৩) হত্যা মামলার ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জের ধরে নির্যাতিত পরিবারগুলোর নিরহ সদস্যদের আসামী সাজিয়ে মামলা দায়ের করে। পরে সুযোগবুঝে একটি প্রতিবন্ধী পরিবার সহ ১২ টি পরিবারের প্রায় ৫০ জন নর- নারীদের উপর হয়রানী, বাড়িঘরে লুটপাট,বাড়িঘর ভাংচুর এবং মেরে ফেলার হুমকি দিয়ে আসছে প্রতিপক্ষের লোকজন।
রেজাউল বলেন,প্রকৃতপক্ষে মরহুম নিজাম উদ্দীন আত্বহত্যা করেছে বলে দ্বিতীয়বার ময়না তদন্তের রিপোর্ট এলেও প্রতিপক্ষের প্রভাবশালীরা আমাদের উপর অমানুষিক নির্যাতন করে আসছে। হত্যা মামলার বিষয়টি আদালতে বিচারাধীন থাকলেও তারা প্রভাবশালী বিধায় আমাদের উপর অব্যাহতভাবে হামলা হুমকি ধামকি রাস্তা চলাচলে বাধা প্রদান অব্যাহত রেখেছে। শিশু, প্রতিবন্ধী, বৃদ্ধ বৃদ্ধাদের উপর হুমকি ধামকি অব্যাহত থাকায় রায়গঞ্জ থানায় একটা অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এ ব্যপারে কোন পদক্ষেপ না নেয়ায় প্রতিপক্ষের বেতুয়া গ্রামের মৃত সহিমুদ্দিনের পুত্র ওবাইদুল্লাহ, হারুনুর রশিদের পুত্র আব্দুল হামিদ, আব্দুল হালিমের পুত্র সবুজ ও সেলিম, ধুল্লার পুত্র শহিদুল, আ. রশিদের পুত্র আব্দুল বারিক,আব্দুল বাছেত শেখ, মাওলানা আব্দুস সালাম, আয়ুব আলী ও ইসমাইল গংরা আরো ক্ষীপ্ত হয়ে উঠছে। বাড়ির পুরুষরা কাজে বের হলে পরিবারের মহিলাদের নিয়মিত মারধর,মেরে ফেলার হুমকি ধামকিও দিয়ে আসছে বলে সাংবাদিক সম্মেলনে জানান রেজাউল করিম।
সম্মেলনে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাইদুল ইসলাম চান, প্রেস ক্লাবের সভাপতি টিএম কামরুজ্জামান লাবু, সদস্য জুয়েল আকন্দ, সাবেক কাউন্সিলর নুরন্নবী সরকার, নির্যাতিত পরিবারের নারী পুরুষ প্রতিবন্ধীরাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে রেজাউল করিম মরহুম নিজাম উদ্দীন হত্যার প্রকৃত আসামীদের গ্রেফতার এবং আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং অব্যাহত হুমকি ধামকি থেকে নিস্তার পাওয়ার আসায় আইন শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।






















