পাহাড়িদের বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ আরো ৩জন গ্রেফতার
০৪ জুন ২০১৭, ০৪:২৯ পিএম
রাঙামাটির লংগদুতে বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরো ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে এ গ্রেফতারের সংখ্যা দাড়ালো ১০। জড়িতদের ধরতে অভিযান অব্যহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে হামলার ঘটনার একদিন পেরিয়ে গেলেও এখনো আতঙ্ক কাটেনি আদিবাসীদের। তবে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় শুক্রবার বাড়ি ছেড়ে গেলেও গতকাল অনেকে এলাকায় ফিরে আসেন।
তবে, এখনো অনেকে আশাপাশের মন্দিরসহ বিভিন্নস্থানে অবস্থান করছেন। এরআগে গতকাল সকালে আগুন দেয়ার ঘটনায় লংগদু থানার এসআই দুলাল বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩শ' জনের বিরুদ্ধে একটি মামলা করেন।
লংগদু ইউনিয়ন যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নের লাশ উদ্ধারের পর তাকে হত্যার প্রতিবাদে শুক্রবার সকালে বিক্ষোভ মিছিল করে স্থানীয় যুবলীগের নেতাকর্মী ও এলাকাবাসী। মিছিল চলাকালে উপজেলা জনসংহতি সমিতির কার্যালয়সহ আশপাশে আদিবাসীদের বাড়ি-ঘর ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।



















