খাগড়াছড়িতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস
২৬ আগস্ট ২০২৬, ১১:১৯ এএম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খাগড়াছড়িতে জশনে জুলুস, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে আহলে সুন্নাত ওয়াল জামা’আত খাগড়াছড়ি পার্বত্য জেলার আয়োজনে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে জশনে জুলুসটি বের হয়।
জুলুসটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে শেষ হয়। পরে সেখানে মিলাদ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিল পরিচালনা করেন খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সালাউদ্দিন। এতে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি আবু তাহের আনসারী, সহসভাপতি আব্দুর রউফ রাজা, সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদসহ বিভিন্ন সুন্নি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা নাতে রাসুল ও বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে জশনে জুলুসে অংশ নেন। এ সময় শহরের প্রধান সড়কে ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।























