ঢাকাসহ ১৪ জেলায় তীব্র ঝড়ের পূর্বাভাস

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৭ অক্টোবর ২০২৩, ০৫:০৪ পিএম


ঢাকাসহ ১৪ জেলায় তীব্র ঝড়ের পূর্বাভাস

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

ঢাকাসহ দেশের ১৪ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা করা হচ্ছে। আজ শনিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
 

পূর্বাভাসে বলা হয়, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতাসংকেত দেখাতে বলা হয়েছে।

 

আবহাওয়া অফিসের অন্য এক বিজ্ঞপ্তি অনুযায়ী, দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯ মিলিমিটার বা তারও বেশি) বর্ষণ হতে পারে।

 

এ ছাড়া সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Ads