স্বস্তির বৃষ্টি আভাস ঢাকায়, কমতে পারে অসহনীয় তাপপ্রবাহ

নয়ন তারা

২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ এএম


স্বস্তির বৃষ্টি আভাস ঢাকায়, কমতে পারে অসহনীয় তাপপ্রবাহ


দীর্ঘদিনের তীব্র গরমের পর অবশেষে ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ অস্থায়ী ঝড়ো হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যার ফলে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।

রোববার (২৬ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, আজ দুপুরের মধ্যে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মাঝেমধ্যে মেঘলা থাকতে পারে।

এ সময় রাজধানীর কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এই বৃষ্টির ফলে গত কয়েকদিন ধরে চলা অসহনীয় তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭১ শতাংশ, যা ভ্যাপসা গরমের অন্যতম কারণ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ বৃষ্টির সম্ভাবনা থাকায় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

কেবল ঢাকা নয়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের অন্যান্য বিভাগেও। আবহাওয়া অফিস জানিয়েছে- রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর প্রভাবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বর্তমানে ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টির আগমনে এসব অঞ্চলের তাপপ্রবাহ কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে বলে আশা করা হচ্ছে।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৭ মিনিটে। মেঘলা আকাশ আর বৃষ্টির এই পূর্বাভাস নগরজীবনে কিছুটা স্বস্তি ফেরালেও, বৃষ্টির সময় আকস্মিক ঝোড়ো হাওয়া থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

Ads