স্বর্ণের দামে বিশ্ব রেকর্ড, আরও বাড়ার আভাস
০৭ এপ্রিল ২০২৪, ০৪:৪৪ পিএম
ছবি- সংগৃহীত।
বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। ইতিহাসে প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম ২ হাজার ৩৩০ ডলার ছাড়িয়েছে। এর প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দাম বেড়ে ইতিহাস গড়েছে। সামনে এ দাম আরও বাড়বে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
প্রাচীনকাল থেকেই প্রাচুর্যের অপর নাম স্বর্ণ। একে বলা হয়, অর্থের সবচেয়ে স্থায়ী রূপ। হাজার বছর ধরে মূল্যবান এই ধাতুর চোখ ধাঁধানো ঔজ্জ্বল্য, দীপ্তি আর চাকচিক্য মানুষকে অভিভূত করে চলেছে। হয়তো সে কারণেই এর মূল্য কখনো শূন্যে নামেনি। বরং দিন যতো যাচ্ছে, ততোই বাড়ছে এর মূল্য।
শনিবার (৬ এপ্রিল) বিশ্ববাজারে লেনদেনের একপর্যায়ে এক আউন্স স্বর্ণের সর্বোচ্চ দাম ওঠে ২ হাজার ৩৩০ দশমিক ২০ ডলারে। রোববার (৭ এপ্রিল) প্রতিবেদন লেখার সময় স্পট মার্কেটে স্বর্ণের দাম অবস্থান করছে ২ হাজার ৩২৯ দশমিক ২০ ডলারে। প্রতি আউন্স স্বর্ণের দাম একদিনে ৩৮ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৬৮ শতাংশ বেড়ে বিশ্ববাজারে কেনাবেচা চলছে।
এদিকে শনিবার ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে একভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল সুদের হার কমানোর ইঙ্গিত দেয়ায় বাড়ছে স্বর্ণের দাম। পাশাপাশি ভূরাজনৈতিক কারণেও নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে মানুষ ঝুঁকছেন স্বর্ণের দিকে। এ বছর প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৩০০ ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হয়েছিল। ইতোমধ্যে তা ছাড়িয়েছে। সামনে এ দাম আরও বাড়বে।


























