রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ১১ কর্মকর্তার ডিএমডি পদে পদোন্নতি
০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পিএম
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ১১ কর্মকর্তাকে মহাব্যবস্থাপক (জিএম) থেকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—রূপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, অগ্রণী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজলুল করিম, বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক আবু সাঈদ মো. রওশানুল হক, জনতা ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. আব্দুল মতিন, বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান এবং রূপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. ইকবাল হোসেন খাঁ।
এ ছাড়া রূপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক শিকদার ফারুক এ আজম, অগ্রণী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক শাহীনূর সুলতানা, বেসিক ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. হাসান ইমাম, সোনালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. জামান মোল্লা এবং সোনালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. সাফায়েত হোসেন পাটওয়ারী পদোন্নতি পেয়েছেন।
উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর উল্লেখিত মহাব্যবস্থাপকদের ডিএমডি পদে পদোন্নতি দিয়ে নামের পাশে বর্ণিত কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে মনোনয়ন/নিয়োগ/পদোন্নতি ও পদায়ন নীতিমালা-২০২৬’ এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারি করা নীতিমালা ও প্রজ্ঞাপন অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

































