বগুড়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ : নিহত ৩
২৪ সেপ্টেম্বর ২০১৫, ০৬:০৬ পিএম
ষ্টাফ রিপোর্টার :: বগুড়া-রংপুর মহাসড়কের শিবগঞ্জ উপজেলার ভড়িয়া এলাকায় বৃহস্পতিবার সকালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মনসুর রহমানের ছেলে আবুল কালাম আজাদ (৩৫), কুড়িগ্রামের উলিপুরের হাতিয়ামেলা গ্রামের রফিয়াতুল্লাহর ছেলে আব্দুল কাদের (২৮) এবং একই উপজেলার নীলকুঠি গ্রামের আবদুল কাদেরের ছেলে আশরাফুল ইসলাম (৩০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা ছেড়ে আসা পঞ্চগড়গামী নগর পরিবহণ নামে একটি বাস বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বগুড়ার শিবগঞ্জের ভড়িয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বিপরীত দিক আসা ঢাকাগামী সাফামাড়োয়া পরিবহণের বাসকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঢাকাগামী বাসের যাত্রী আবুল কালাম আজাদ ঘটনাস্থলে নিহত এবং ১২ জন আহত হন। স্থানীয় জনগণ ও হাইওয়ে পুলিশ এদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। পরে যাত্রী আবদুল কাদের ও আশরাফুল ইসলাম মারা যান।
বগুড়ার ছিলিমপুর ফাঁড়ির ইনচার্জ টিএসআই শাহ্ আলম জানান, হাসপাতালে ৮ জন চিকিৎসাধীন রয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শিবগঞ্জ থানার ওসি আহসান হাবিব জানান, হতাহতরা সকলে ঈদের ছুটিতে কর্মস্থল থেকে নিজ নিজ বাড়িতে স্বজনদের কাছে ফিরছিলেন। দুটি বাসের চালক বেপরোয়া গতিতে চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে। বাসগুলো আটক করলেও এর চালক ও হেলপাররা পালিয়ে গেছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।






















