টেকনাফে রাস্তা নির্মাণ নিয়ে দুই পরিবারের সংঘর্ষে নিহত ১
০৯ ডিসেম্বর ২০২৩, ১০:০২ পিএম
ছবি- সংগৃহীত।
কক্সবাজারে টেকনাফে রাস্তা নির্মাণ নিয়ে দুই পরিবারের সংঘর্ষে প্রতিপক্ষের ছোড়া ঢিলের আঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) উপজেলার হোয়াইক্যংয়ের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম ওরফে আব্দু টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মৃত হোসেন আলীর ছেলে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার রাতে নয়াপাড়ায় চলাচলের রাস্তার কাজ নিয়ে আব্দুস সালামের পরিবারের সঙ্গে প্রতিবেশী আব্দুস শুক্কুরের পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যের ঝগড়ার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় উভয়পক্ষকে শান্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। রাতের বিরোধকে কেন্দ্র করে আজ সকালে উভয়পক্ষের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ ইট-পাটকেল ছুড়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের ইটের ঢিলের আঘাতে বৃদ্ধ আব্দু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি মো. ওসমান গণি।






















