সমাজকল্যাণ মন্ত্রী মুক্তিযোদ্ধা নন, বললেন তার ছোট ভাই

মোসলেম উদ্দিন রনি

২৫ ডিসেম্বর ২০২৩, ০৬:২৩ পিএম


সমাজকল্যাণ মন্ত্রী মুক্তিযোদ্ধা নন, বললেন তার ছোট ভাই

ছবি- সংগৃহীত।

 

মাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ মুক্তিযোদ্ধা নন, কাগজ বানিয়ে নিয়েছেন। এমন তথ্য ফাঁস করলেন, তার আপন ছোট ভাই লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুজ্জামান আহমেদ।

 

রবিবার (২৪ ডিসেম্বর) রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ী এলাকায় লালমনিরহাট-২ আসনের 'ঈগল পাখি' মার্কা স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হকের এক নির্বাচনী জনসভায় বক্তব্যে এমন তথ্য ফাঁস করেন, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের আপন ছোট ভাই জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুজ্জামান আহম্মেদ।

 

মন্ত্রীকে উদ্দেশ্য করে বক্তব্যে মাহবুবুজ্জামান আহমেদ বলেন, আপনি লেখেন বীর মুক্তিযোদ্ধা কোনোদিন আপনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন? যুদ্ধের সময় আমি ক্লাস ফোরে পড়ি। বীর মুক্তিযোদ্ধা ছিলো আমার বাবা আর এক ভাই অধ্যক্ষ রশিদুজ্জামান। আপনি (মন্ত্রী) তো ইন্ডিয়ায় বসে পাটের ব্যবসা করেছেন। ১৯৯৬ সালে যখন নমিনেশন পেলেন তখন পোস্টারে লেখে দিলেন বীর মুক্তিযোদ্ধা। তখন বিব্রত হয়ে মানিক কমান্ডার ডেকে বলেছিলেন তুই এটা দিসিস কেন? তখন তিনি (মন্ত্রী) বলেছেন, আমি সার্টিফিকেট বানায় নিছি, আমার কাছে কাগজ আছে।

 

জনসভায় আরও উপস্থিত ছিলেন, লালমনিরহাট-২ আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক, আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, কমলাবাড়ি ইউপি চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতিসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 

এর আগের দিন শনিবার (২৩ ডিসেম্বর) রাতে কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের চামটাহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় নির্বাচনী প্রচারণায় এক বীর মুক্তিযোদ্ধার ঘাড় মটকে দেয়ার হুমকির অভিযোগ ওঠে লালমনিরহাট-২ আসন নৌকার প্রার্থী সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের বিরুদ্ধে। স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হকের নির্বাচনী কর্মী বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফকে এ হুমকি দেন তিনি। মন্ত্রীর বক্তব্যটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

গোলাম মর্তুজা হানিফ ভোটমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রংপুর মহানগর আওয়ামী লীগের সদস্য।

 

জনসভায় মন্ত্রী বলেন, গোলাম মর্তুজা হানিফ আমার সম্পর্কে যে বাজে কথা বলেছে, তাকে সতর্ক করে দিচ্ছি যদি এ রকমের বাজে কথা আর কোনো দিন বলো তোমার ঘাড় মটকায় দেব। তুমি এখনো লোক চেনো নাই।

 

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ বলেন, সমাজকল্যাণ মন্ত্রী জনসভায় প্রকাশ্যে আমাকে হুমকি দিয়েছেন। আমি বিষয়টি নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে লিখিত অভিযোগ করব।

 

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ (আদিতমারী- কালীগঞ্জ) আসনে নৌকা প্রতীকে ভোট করছেন, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তার শক্ত প্রতিপক্ষ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে ভোট করছেন। মন্ত্রীর ছোট ভাই মাহবুবুজামান আহমেদ বড় ভাইয়ের নৌকার ভরাডুবি করতে মরিয়া হয়ে স্বতন্ত্রের পক্ষে প্রকাশ্যে মাঠে নেমেছেন।

Ads