নৌকার ব্যাচ পড়ে জাল ভোটের চেষ্টায় ১ জন আটক
০৭ জানুয়ারি ২০২৪, ০৭:২২ পিএম
ছবি- সংগৃহীত।
টাঙ্গাইলের মির্জাপুরে নৌকার ব্যাচ পড়ে জাল ভোটের চেষ্টাকালে বিজয় মনি দাস নামে একজন আটক হয়েছেন। রোববার সকাল ১১ টার দিকে উপজেলার বরটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে।
আটককৃত দক্ষিণ রোয়াইল গ্রামের মৃত গোপাল মনি দাসের ছেলে বিজয় মনি দাস বলে জানা গেছে।
আটককৃত ও ওই কেন্দ্রের পোলিং এজেন্ট সূত্রে জানা যায়, বিজয় মনি দাস তার মৃত বাবার ভোটার কার্ড নিয়ে ভোট দিতে গেলে বিষয়টি ধরা পরে। ঘটনার পর বিজয় মনি দাসকে কেন্দ্রে বসিয়ে রাখেন ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার আব্দুল মালেক পরে দুপুরের দিকে নির্বাচনের দায়িত্বে থাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানম ওই কেন্দ্রে গিয়ে আটককৃতকে পুলিশে সোপর্দ করার সিদ্ধান্ত দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা শাকিলা বিনতে মতিন সাংবাদিকদের জানান, আটককৃত অপ্রাপ্তবয়স্ক। তাকে আটক করে থানায় পাঠানো হয়েছে। বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
























