নীলফামারীতে তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে, প্রচণ্ড কষ্টে সাধারণ মানুষ
১৩ জানুয়ারি ২০২৪, ০৪:২২ পিএম
ছবি- সংগৃহীত।
গত কয়েকদিন ধরে চলমান তীব্র শীত, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জবুথবু অবস্থা নীলফামারীর মানুষের। শীতবস্ত্রের অভাবে কষ্টে দিন কাটাচ্ছেন অনেকে। শিশু ও বয়স্করা ডায়েরিয়া-নিউমোনিয়াসহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। ঘন কুয়াশায় দেখা মেলে না সূর্যের, দিনেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। খরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন বিভিন্ন বয়সের মানুষ। গত এক সপ্তাহ ধরে জেলার সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠা-নামা ব্যাহত হচ্ছে।
সৈয়দপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার (১৩ জানুয়ারি) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, ‘কুয়াশা ও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। রানওয়েতে ফ্লাইট ওঠা-নামার জন্য দৃষ্টিসীমা অন্তত দুই হাজার মিটার প্রয়োজন হয়। সকাল হতে দুপুর পর্যন্ত দৃষ্টিসীমা পর্যাপ্ত না হওয়ায় উড়োজাহাজ ওঠা-নামা ব্যহত হচ্ছে।’
এদিকে, তীব্র শীত ও ঘন কুয়াশায় প্রচণ্ড কষ্টে আছেন গরিব মানুষ। রেললাইনের পাশে পুরাতন কাপড়ের লন্ডা মার্কেটে ছুটছেন তারা একটু কম দামে শীতবস্ত্রের আশায়। ডোমার বাজারের রেললাইনের কাছে পুরাতন কাপড়ের লন্ডা মার্কেটে ভিড় দেখা গেছে।
নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোঘ বলেন, ‘এ পর্যন্ত জেলায় ৪০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। শীতার্তদের জন্য নতুন করে আরও চাহিদা পাঠানো হয়েছে। এ ছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং অনেকে ব্যক্তিগতভাবে কম্বল বিতরণ করছেন।’























